শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৬

অস্ত্র-গুলিসহ বনদস্যু গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অস্ত্র, গুলি ও বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ সুন্দরবন থেকে দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে গ্রেফতার করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে করিম শরীফ বাহিনীর এক সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা গুলি, ৭৪ রাউন্ড ফাঁকা গুলি, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, শিংসহ একটি হরিণের মাথা, তিন কার্টন সিগারেট, দুই বস্তা চাল এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। এছাড়া বনদস্যুদের একটি আস্তানা ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।