ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুটি বোটে তল্লাশি চালিয়ে তিন টন কয়লা জব্দ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড। নগরের পতেঙ্গা থানাধীন নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আজ বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল ওই এলাকায় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালায়। এ সময় প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের তিন টন কয়লা জব্দ করা হয়। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত দুটি বোট আটক করা হয়।
তবে অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড।