ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিআরটিএ’র নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট এবং আরএফআইডি ট্যাগ ব্যবহার না করলে ডিএমপি জানিয়েছেন যে, আগামী সপ্তাহ থেকে কঠোর আইনি ব্যবস্থা ও জরিমানা কার্যকর করা হবে। অনেক যানবাহনে এখনও সরকার নির্ধারিত ডিজিটাল নম্বর প্লেট ব্যবহার না করে পেইন্ট করা নম্বর বা অননুমোদিত প্লেট ব্যবহার করা হচ্ছে, যা ট্রাফিক ব্যবস্থাপনায় জটিলতা তৈরি করছে। এছাড়া কিছু গাড়ির মালিক নম্বর প্লেটের অর্থ পরিশোধ করলেও নির্ধারিত প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি, আবার অনেক ক্ষেত্রে উইন্ডশিল্ডে থাকা আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রয়েছে। এসব অনিয়ম দূর করতে ডিএমপি জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই বিআরটিএ নির্ধারিত ডিজিটাল নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ছাড়া চলা যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এই অভিযানে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সড়ক ব্যবস্থাপনা আরও আধুনিক ও নিরাপদ করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।