শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪২

গুজব ছড়িয়ে প্রতারণা এবং একজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে আটক করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গতকাল শুক্রবার (১ মে) এ তথ্য জানান র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক জনাব, আ. ম. ফারুক। আটক সালাহউদ্দিন আহমেদ (১৭) কক্সবাজার সদর এলাকার সাহিত্যিকা পল্লী সিটি কলেজ রোডের বাসিন্দা।
র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক জনাব, আ. ম. ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি সংঘবদ্ধ চক্র মেরিন ড্রাইভ সংলগ্ন দরিয়ানগর এলাকায় অবস্থান করছে এবং ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ অর্থ আদায় করছে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সালাহউদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুণ জানায়, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে যোগাযোগ করতেন এবং নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী পরিচয় দিয়ে ভুয়া প্রশ্ন তৈরি করে পরীক্ষার আগের রাতে সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের টাকা দাবি করতেন। বিকাশ ও নগদ নম্বরের মাধ্যমে টাকা গ্রহণের পরপরই সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্লক করে প্রতারণা সম্পন্ন করতেন।