রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫১

ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবার সর্বস্বান্ত।

ডেইলি ক্রাইম বার্তা : গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বরিশালের গৌরনদী আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্র পাড়া গ্রামে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনটি পরিবার মুহূর্তের মধ্যে সর্বস্বান্ত হয়ে পড়েছে। তাদের দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ঘরবাড়ি, আসবাবপত্রসহ প্রয়োজনীয় সবকিছু আগুনে ভস্মীভূত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা প্রাণ বাঁচাতে ঘর থেকে বের হতে পারলেও তাদের চোখের সামনে পুড়ে যায় জীবনের সব সঞ্চয়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই আগুনে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আগুনের তীব্রতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। হারানো স্বপ্ন আর নিঃস্ব হয়ে পড়ার বেদনা যেন প্রতিটি মানুষের হৃদয় স্পর্শ করছে।
স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন। তা না হলে এই অসহায় মানুষগুলোর পক্ষে নতুন করে ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের জরুরি সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ কামনা করেছেন এলাকাবাসী।
(সংবাদ – প্রিন্স সোহাগ)