মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০০

দুটি মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চার দিনের মধ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতী নদীতে দুটি মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর পলিয়ানপুর সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদী থেকে রথীকান্ত জয়ধর (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে একই সীমান্তে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, সায়েম ইউসুফ বলেন, গতকাল উদ্ধার করা মরদেহের শার্টের পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টের তথ্যের সঙ্গে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে পাসপোর্টে কোনো ভিসা বা গেটওয়ে পাসের তথ্য যাচাই করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ১৩ এপ্রিল উদ্ধার করা অজ্ঞাত মরদেহটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে পরিচয় শনাক্তের লক্ষ্যে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।