ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্তে ৪ লাখ বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিম্বংখালী সীমান্ত এলাকা থেকে মাদকের বড় চালানটি জব্দ করেন বিজিবি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোররাতে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার গোপন সংবাদে ব্যাটালিয়ন সদর এবং জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল সাকেরের ঘের নামক স্থানে অবস্থান করে। ভোররাত আনুমানিক ৩টার দিকে মায়ানমার হতে ৩জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করেন।
চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টেরে পেয়ে পার্শ্ববর্তী ঘেরের পানি দিয়ে সাঁতরিয়ে মায়ানমারের দিকে চলে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচ টেপ দ্বারা মোড়ানো খাকী রঙ এর বায়ুরোধী ৪২ কার্টন অর্থাৎ ৪,২০,০০০ (চার লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।