ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় নওগাঁর সাপাহারে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব, মোহাম্মদ তারিকুল ইসলাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে সাপাহার থানা পুলিশ প্রধান আসামি মিজানুর ইসলামকে গ্রেপ্তার করেন এবং তার কাছে থেকে ছিনতাই হওয়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আনারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। তিনি জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।