ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ৮০ হাজার পিস ইয়াবা বড়িসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বছির আহম্মেদ (৫০) উখিয়ার বালুখালী ৯ নম্বর এফডিএমএন ক্যাম্পে বসবাসরত মিয়ানমার নাগরিক আবু সিদ্দিকের ছেলে।
বিজিবি জানায়, আজ শনিবার ভোরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১.১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি টহলদল বছির আহম্মেদকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জনাব, এস এম খায়রুল আলম জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।