ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ফলে চলতি অর্থবছরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রায় এক হাজার কোটি টাকা সাশ্রয় করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা জনাব, শেখ বশিরউদ্দীন।
আজ মঙ্গলবার সকালে ঢাকা রাজধানীতে পবিত্র রমজান উপলক্ষে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, এ ধারা অব্যাহত থাকলে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে সরকারকে টিসিবির জন্য আর ভর্তুকি দিতে হবে না। ভবিষ্যতে টিসিবির পণ্যের তালিকায় সাবান, চা-সহ আরও বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য যুক্ত করা হবে, যা সাধারণ মানুষের উপকারে আসবে।
এবার ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ২০ দিন (শুক্রবার ও ছুটির দিন বাদে) রোজার এ বিক্রয় কার্যক্রম চালু থাকবে। টিসিবি জানিয়েছে, দৈনিক ট্রাকপ্রতি ৪০০ জন নিম্নআয়ের জনসাধারণের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম নেয়া হয়েছে। ট্রাকসেলের মাধ্যমে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে প্রায় ২৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে।