ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযানে চাঁদপুরে পৃথক ৪টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩১ জানুূয়ারি) বিকেলে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর কর্তৃক চাঁদপুর শাহরাস্তি উপজেলা ঠাকুর বাজার, কালিবাড়ি ও ছিখুটিয়া ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্য বিক্রির অপরাধে চিটাগং বেকারিকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের জন্য রিভার ভিউ কফি অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, ক্ষতিকর রং ও পচা-বাসি খাবার সংরক্ষণের অপরাধে আমানিয়া হোটেলকে ৩০ হাজার টাকা এবং আটা ও ময়দায় খুচরা মূল্য উল্লেখ না থাকায় মেসার্স আলতাফ অটো ফ্লাওয়ার মিলসকে ২০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জনাব, আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।