রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৫

লাইটার ভেসেল ম্যানেজমেন্ট সফটওয়্যার চালু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ‘লাইটার ভেসেল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি)। চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অনিয়ম, ধীরগতি ও স্বচ্ছতার সংকট কাটাতে এ উদ্যোগ। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে কাদেরী চেম্বারে বিডব্লিউটিসিসির কার্যালয়ে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফটওয়্যারটির উদ্বোধন করেন নৌ-পরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার জনাব, মির্জা সাইফুর রহমান।
বিডব্লিউটিসিসি জানায়, দেশের সমুদ্রবন্দরগুলোতে মাদার ভেসেল থেকে পণ্য খালাসে লাইটার জাহাজের সিরিয়াল ও বরাদ্দ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতির কারণে সিরিয়াল বাণিজ্য, বিলম্ব এবং স্বচ্ছতার অভাব তৈরি হচ্ছিল। এসব সমস্যার সমাধান ও লাইটার জাহাজ ব্যবস্থাপনায় গতিশীলতা আনতেই এ সফটওয়্যার চালু করা হয়েছে।