ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সিমেন্টবাহী ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে ফাহাদ শেখ (২৩) নামে একজন নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলার পাগলা থানাধীন পাগলা-ত্রিমোহিনী সড়কের কদমতলী মীরবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ উপজেলার বারইহাটি পশ্চিম পাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাগলা-ত্রিমোহিনী সড়কের কদমতলী নামক স্থানে সিমেন্টবাহী ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফাহাদ গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করে পাগলা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ট্রাকটিকে থানায় নিয়ে যায়।
পাগলা থানার অফিসার ইনচার্জ জনাব, আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার শিকার ট্রাক ও অটোরিকশা থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।