ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, ঢাকা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়ে ২ ডাকাত সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। বুধবার (১৪ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে ঢাকা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মৃধাকান্দী এলাকায় মহাসড়কে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ডাকাতদল একটি অটোরিকশা দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে টাকাপয়সাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।
পরে ডাকাতদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় উপস্থিত জনতা। সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন ও ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক নামে দুই ডাকাত সদস্যকে আটক করে থানায় নিয়ে যান। আটক রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে এবং ফারুক চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুহিবুল্লাহ জানান, পুলিশ অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে আটক করেছে এবং অন্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।