ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ যশোরে দুই রোহিঙ্গা নারী মাদককারবারিকে গ্রেফতার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার বি. কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই নারীকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের মধ্যে একজনের কাছ থেকে ৬ হাজার এবং অপরজনের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতার দুই নারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিএনসি।
ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাবা, পারভীন আখতার ঘটনার সত্যতা সম্পর্কে বলেছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।