ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেড়েছে শীতের তীব্রতা নওগাঁয়, পৌষের শুরু থেকেই এ শীত। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। কুয়াশা আর হিম বাতাসে জবুথুবু অবস্থা এ অঞ্চলের মানুষের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্নআয়ের দিনমুজুর ও খেটে খাওয়া মানুষ এবং অনেক দিনমজুর শীত উপেক্ষা করে বেরিয়েও কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
আজ রোববার (২৮ ডিসেম্বর) নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ। সেইসঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে এ জনপদ। ঘন কুয়াশা আর হিম বাতাস থাকায় খুব একটা প্রয়োজন ছাড়া তেমন কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। গত কয়েকদিনে এই জেলায় ১১ থেকে ১২ ডিগ্রীর ঘরে তাপমাত্রা উঠানামা করছে।