শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৪

দুর্ধর্ষ ডাকাত পুলিশের হাতে গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের) ও একাধিক মামলার আসামি মো. সোহাগ (৩৪) কে গ্রেপ্তার করেছেন পুলিশ।
আজ শনিবার (২৩ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুল আলম প্রধান। এর আগে শুক্রবার সন্ধ্যায় পৌর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. সোহাগ (৩৪) দাউদকান্দি পৌরসদরের তুজারভাঙ্গা কেডিসি এলাকার মন্টু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোহাগের ইন্ধনে সক্রিয় হয়ে ওঠে ডাকাতচক্রের সদস্যরা। তার নেতৃত্বে মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। সম্প্রতি সময়ে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে তাকে খুঁজতে শুরু করে পুলিশ। তবে সোহাগ আত্মগোপনে ছিল। সবশেষ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা, চাঁদপুর ও মুন্সীগঞ্জ জেলায় অন্তত ১০টি মামলা রয়েছে।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক মো. সামছুল আলম প্রধান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোহাগের নেতৃত্বে নিয়মিত চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অনেক অপকর্ম হতো। আমরা অনেকদিন ধরে তাকে ধরার চেষ্টা করছিলাম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।