শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪২

কয়েক লাখ টাকা ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যাংকে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরে দুই তরুণকে প্রাইভেট কার দিয়ে চাপা দেয়ার আতঙ্ক সৃষ্টি করে তাদের কাছ থেকে পৌনে ৯ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দলিল লেখক ও পুলিশ জানায়, বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার দলিল লেখকদের কার্যালয় থেকে দলিল লেখক জুলহাস উদ্দিন একটি জমি রেজিস্ট্রেশন করার জন্য তার ছেলে আবদুল্লাহ প্রিন্স ও ভাগনে রাশেদ খানকে ৮ লাখ ৭৫ হাজার ১৬৯ টাকা দিয়ে সোনালী ব্যাংকের কালিয়াকৈর বাজারের শাখায় পাঠান। তারা টাকার ব্যাগ নিয়ে অটোরিকশায় করে কালিয়াকৈরের উপজেলা খাদ্যগুদামের কাছে পৌঁছালে একদল ছিনতাইকারী প্রাইভেট কার দিয়ে তাদের চাপা দেয়ার ভয় দেখায়।
অটোরিকশায় থাকা দুইজন তখন আতঙ্কিত হয়ে গেলে সেই সুযোগে গাড়ি থেকে ছিনতাইকারীরা নেমে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।