রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৯

মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এর প্রেস ব্রিফিং।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস ও ট্রাক (পুরোনো লক্কড়ঝক্কড়) সড়ক থেকে উচ্ছেদে আবারও বাধা হয়ে দাঁড়ালেন সড়ক পরিবহন খাতের মালিক-শ্রমিকনেতারা। পাশাপাশি সড়ক পরিবহন আইনের সাজা শিথিল করার জন্যও চাপ দিচ্ছেন তারা। দাবি না মানলে ধর্মঘটের মাধ্যমে পরিবহন খাত অচল করে দেওয়ারও হুমকি দিয়েছেন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা।
ঢাকা রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
সরকার বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ বাণিজ্যিক যানবাহনের যে অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর নির্ধারণ করেছেন, তা বাড়িয়ে ৩০ বছর করাসহ আট দফা দাবি জানায় মালিক-শ্রমিকনেতারা। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইনে দুর্ঘটনায় প্রাণহানির দায়ে সাজার যে ধারা রয়েছে, তা সংশোধন করতে হবে। দাবি না মানলে আগামী ১২ আগস্ট থেকে দেশজুড়ে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন, মহাসচিব সাইফুল আলম প্রমুখ। শ্রমিকনেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খানসহ আরও অনেকে।