ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোর বনপাড়া হাইওয়ে থানার ওসি জনাব, ইসমাঈল হোসেন জানান, রাজশাহী থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। একই সময় ঢাকাগামী একটি ট্রাক বনপাড়ার দিকে আসছিল। তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর নাটোর ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।