ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে হবিগঞ্জের বাহুবলে চেরাগ আলী (৭০) নামের এক শ্রবণ প্রতিবন্ধী নিহত হয়েছেন। আজ রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চেরাগ উপজেলার কালুটুলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য দরবেশ আলী বলেন, চেরাগ আলী প্রতিদিনই ছিটকি জাল নিয়ে আশপাশের বিল ও খালে মাছ ধরতে যেতেন।
আজকে সকালেও তিনি রেলওয়ে ব্রিজের পাশে মাছ ধরছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রেন ব্রিজ অতিক্রম করছিল। কানে শুনতে না পারায় চেরাগ আলী রেললাইনের ওপরেই দাঁড়িয়ে ছিলেন। ট্রেন আসার শব্দ তিনি টের পাননি।
ফলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হবে বলেও জানান তিনি।