ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভ্যন্তরীণ নদীতে ভাদ্রের ভরা মৌসুমে ইলিশ মাছের দেখা মিলছে না। যা মেলে তা-ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। সপ্তাহের ব্যবধানে বরিশালে প্রতি কেজি ইলিশের দাম ৩০০ থেকে ৫০০ টাকা বেড়েছে। বরিশাল মহানগরের ইলিশ মোকাম পোর্ট রোড বাজারে গিয়ে দেখা গেছে, কয়েকজন খুচরা ব্যবসায়ী মাছ নিয়ে ক্রেতার অপেক্ষায় রয়েছেন।
একজন ক্রেতা সরকারি চাকরিজীবী জাহিদুল ইসলাম দাম জিজ্ঞেস করেই আঁতকে ওঠেন। তিনি বলেন, ইলিশ আর আমরা কিনতে পারব না। তার চেয়ে অন্য মাছ কিনব। খুচরা বিক্রেতা মো. জসিমউদ্দিন বলেন, বাজারে তেমন মাছ ওঠে না।
যা ওঠে, দাম অনেক বেশি। দুই দিন কোনো মাছ কিনি নাই। যে দাম চায়, ওই দাম দিয়ে মাছ কিনে বেচতে পারমু না। মাছ বিক্রি না করলে তো সংসার চলবে না। তাই কয়েকটি মাছ বিক্রির জন্য কিনছি। কিন্তু ক্রেতা দাম শুনে চলে যায়।