ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্ত্রীর চোখের সামনে ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সলেমান কাজী (৭০) নামক এক বৃদ্ধ মারা গেছেন। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের মৃত রহমান কাজীর ছেলে।
আজ শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের মাদ্রাসা মাঠ সংলগ্ন রেল সড়কে ঘটনাটি ঘটে।
আলগী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াচরা গ্রামের বাসিন্দা বাকলেচ হরকরা বলেন, সলেমান কাজী কানে কম শুনতেন।
শনিবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে ফরিদপুরের সালথা উপজেলায় মেয়ে বাড়ি রওনা হয়েছিলেন। বাড়ি থেকে বের হয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। স্ত্রী তার থেকে কিছুটা পিছনে ছিলেন। এরমধ্যে পেছন দিক থেকে রেল আসে।
কানে কম শোনায় ট্রেন আসা খেয়াল করেননি সলেমান কাজী। ঘটনাস্থলেই স্ত্রীর সামনে তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান।
ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন, আজ শনিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে ভাঙ্গার বালিয়াচরা গ্রামে সলেমান কাজী নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।