ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস ও ট্রাকের সংঘর্ষে পাবনার সাঁথিয়ায় তিনজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা গেছে।
তারা হলেন, জেলার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালীদরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোস্তাফিজুর রহমান জানান, একটি বাস নারায়ণগঞ্জ থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব বনগ্রাম এলাকা এলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে বাসের তিনজন যাত্রী নিহত হন। খবর পেয়ে থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহতদের হাসপাতালে পাঠায় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।