শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫২

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক ট্রাকচালক নিহত হয়েছেন বগুড়ার কাহালু এলাকায় সড়ক দুর্ঘটনায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দুইজন।
রবিবার বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুর বাজারের পশ্চিমে বগুড়া-নওগাঁ মহাসড়কে আমভর্তি দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকচালক আলতাফ হোসেন (৪৮)। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেইননগর গ্রামের নুসুম উদ্দিন বেপারীর ছেলে। এ দুর্ঘটনায় আহত হন বিপরীতমুখী ট্রাকের চালক আজমল হোসেন (৩৫) ও হেলপার রাসেদ (১৫)।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জনাব, নিতাই চন্দ্র সরকার জানান, দুই দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক আলতাফ হোসেন ঘটনাস্থলেই মারা যান ও আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।