বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৭

পাখিদের নিরাপদ বাসস্থান নির্মাণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাখিদের বসবাসের জন্য জয়পুরহাটের ক্ষেতলালে গাছের ডালে মাটির কৃত্রিম বাসা তৈরির উদ্যোগ নিয়েছেন বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার হোপের হাটে থাকা গাছের ডালে ৫০টি বাসা বেঁধে এ কর্মসূচির উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘের ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ।
এ জেলার প্রাণকেন্দ্র জুড়ে আছে বিস্তীর্ণ ফসলের মাঠ। সবুজে ঘেরা এ প্রকৃতি দোলা দেয় বাতাসে।
জেলায় প্রচুর ধান, আলু, সরিষা, আখ, পাট, কলা, কচু জন্মে। জমিতে কীটনাশক ছিটাতে হয় পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে। আগের দিনে পাখিরা এসব পোকা-মাকড় খেয়ে বাঁচত। কীটনাশক ব্যবহারে পাখির সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে।
তাছাড়া বড় বড় গাছ কাটার ফলে হারিয়ে যেতে বসেছে পরিবেশ রক্ষাকারী পাখি। আগে গাছে-গাছে পাখির বিচরণ ছিল দেখার মতো। কিন্তু সেদিন আর অবশিষ্ট নেই। এখন আর আগের মতো পাখি দেখা যায় না।
তাই গাছের ডালে পাখিদের বাসা বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ – শুভ কাজে সবার পাশে এ সংগঠনটি।
এ বিষয়ে সংগঠনের সভাপতি ও পরিবেশ কর্মী এম রাসেল আহমেদ বলেন, পরিবেশ-প্রকৃতি রক্ষায় পাখিদের ভূমিকা অপরিসীম। পরিবেশ-প্রকৃতির জন্য জয়পুরহাট জেলা এক অনন্য ভাণ্ডার। কিন্তু নানান কারণে পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বড় গাছ না থাকায় পাখিরা আশ্রয়স্থল হারাতে বসেছে।
পাখিদের আশ্রয়স্থল হারানো খুবই বেদনাদায়ক। এ অবস্থা অনুধাবনের পর আমরা প্রাথমিকভাবে তাদের জন্য গাছের ডালে মাটির বাসা বেঁধে দেওয়ার কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে শত শত বাসা বেঁধে দেওয়ার লক্ষ্য নিয়ে এ কার্যক্রম শুরু করলাম।