শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৪

ভেঙে গেল সড়ক, ঢলের পানির তোড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রোস্তমের পাড়া সড়ক, দক্ষিণ আধুনগর হিন্দুপাড়ায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে হাতিয়ার খালের পাড়সংলগ্ন এ সড়ক অবস্থিত। এতে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এছাড়া সিকদারপাড়া গ্রামেও হাতিয়ার খালের পাড় ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে।
স্থানীয়রা বলেন, চলতি মৌসুমে টানা বর্ষণে পাহাড়ি ঢলের পানি খালে বিপৎসীমা অতিক্রম করলে শুরুতে হাতিয়ার খালের পাড়ে ভাঙন দেখা দেয়। একপর্যায়ে খালপাড় ঘেঁষা রোস্তমেরপাড়া সড়কটির ৪০ থেকে ৫০ ফুট লম্বা সড়ক ভেঙে বিলীন হয়ে লোকালয়ে পানি প্রবেশ করে ঘরবাড়ি ডুবে যায়।
অন্যদিকে দক্ষিণ আধুনগর হিন্দুপাড়া গ্রামে হাতিয়ার খালের পাড় ও সিকদারপাড়া গ্রামে পাড় ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে পুরো গ্রাম পানিবন্দি হয়ে পড়ে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, মুহাম্মদ ইনামুল হাসান বলেন, টানাবর্ষণে আধুনগরের হাতিয়ার খালে ভাঙন বেশি হয়েছে। এছাড়া আধুনগর রোস্তমেরপাড়া সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শুনেছি। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খালপাড় মেরামত করা হবে।