ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক প্রবাসী বহনকারী মাইক্রোবাসে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতির ঘটনা টের পেয়ে ডাকাতদের ধাওয়া দেয় টহলরত হাইওয়ে পুলিশের সদস্যরা। পরে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়েছে ডাকাতদল।
শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ডাকাতদলের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেছেন মির্জাপুর থানা পুলিশ।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে ডাকাতদলের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস ও প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।