ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঈদ-উল আযহা সামনে রেখে বরিশালের পটুয়াখালীর কলাপাড়া বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায় এবং ভাড়ার চার্ট প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি যাত্রীবাহী পরিবহন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গতকাল সোমবার শেষ বিকেলে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মোঃ ইয়াসীন সাদেক। তিনি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৮০ ধারায় এসব মামলার রায় ঘোষণা করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, বাসস্ট্যান্ডে কোনো ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়নি। এতে যাত্রীরা বিভ্রান্তিতে পড়েন এবং বাড়তি ভাড়া প্রদানের ঝুঁকিতে থাকেন। বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী সংশ্লিষ্ট পরিবহন সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।