ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্ধর্ষ বনদস্যু (সুন্দরবনের) দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছেন কোস্ট গার্ড। আজ মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জনাব, এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ঐ এলাকা থেকে ২টি একনলা বন্দুক, ১টি শর্ট গান, ১টি খেলনা বন্দুক, অস্ত্র তৈরীর সরঞ্জামাদি, ২৩ রাউন্ড তাজা কার্তুজ,২০৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৯টি দেশীয় অস্ত্র, ৪টি কুড়াল, ৭টি করাত, ১০ টি রড, ৫ টি হাতুড়ি, ১টি সোলার, ২৮টি মোবাইল, ১১ টি ওয়াকি টকি চার্জার এবং ০২ টি কাঠের নৌকাসহ সুন্দরবনের কুখ্যাত বনদস্যুর অন্যতম দুই সহযোগী মো. সাদ্দাম খান (২০) এবং আব্বাস মোল্লা (৪০) কে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিদ্বয় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা এবং সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।