সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৩

গুলি ও মারধর করে কয়েক লাখ টাকা ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গরু ব্যবসায়ীদের গুলি ও মারধর করে দুই ব্যাগ ভর্তি প্রায় ৮০ লাখ টাকা ফিল্মি স্টাইলে ছিনতাই হয়েছে, আর এ ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই সখীপুর-রোডের পাঁচগাঁও এলাকায় বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সামনে। গতকাল শনিবার ইফতারের সময় এ ঘটনা ঘটে। ছিনতাইকারী চক্রের মারধরে আহতরা হলেন, গরু ব্যবসায়ী রাজশাহীর বিন্দারামপুর এলাকার পিয়ারুল ইসলাম, মো. জেবেল হোসেন, লিটন মিয়া ও মনিরুল ইসলাম।
গরু ব্যবসায়ী পিয়ারুল ইসলাম জানান, শনিবার ছিল কাইতলা গরুর হাট। রাজশাহী থেকে চার ব্যবসায়ী মিলে গরু নিয়ে হাটে বিক্রির জন্য এসেছিলেন। গরু বিক্রির পর প্রায় ৮০ লাখ টাকা দুটি ব্যাগ ভর্তি করে একটি প্রাইভেট কারে রাজশাহী যাচ্ছিলেন। প্রাইভেট কারটি মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর রোডের পাঁচগাঁও বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সামনে এলে পেছন ও সামনের দিক থেকে আসা ১০-১২টি মোটরসাইকেল ও একটি গাড়িতে ২০-২৫ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে এলোপাথাড়ি গুলি ছুড়ে জিম্মি করে।
ছিনতাইকারীরা গাড়ির চাবি নিয়ে ভেতরে প্রবেশ করে মারধর করে দুটি ব্যাগে ভর্তি প্রায় ৮০ লাখ টাকা নিয়ে চম্পট দেয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল জনাব, এইচ এম মাহবুর রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গিয়াস উদ্দিনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মোকলেছুর রহমান বলেন, ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে।