ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়কে চেকপোস্টের দায়িত্বে থাকা সুনামগঞ্জের দিরাইয়ে মামুনুর রশিদ মামুন নামে এক পুলিশ সদস্যকে ডাকাতদল ট্রাকে করে তুলে নেয়ার চেষ্টা করেছিল। পরে টহলে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ডাকাতের ট্রাকের পিছু ধাওয়া করে পুলিশ সদস্যকে উদ্ধার ও ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছেন।
শান্তিগঞ্জ থানা পুলিশের সহায়তায় ডাকাতদলের ট্রাক গতিরোধ করে দুই ডাকাতকে গ্রেপ্তার ও অপহরণের শিকার পুলিশ কনস্টেবল মামুনুর রশিদ মামুনকে উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার রাত ১টার সময় শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ২ ডাকাত হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আলারপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহ আলম (৩০) ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আজিম আলীর ছেলে নুরুল আমিন (৩০)।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুর রাজ্জাক বলেন, আমাদের পুলিশ সদস্য মামুন সুস্থ আছেন। ডাকাতদলের ২ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।