ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গাজীপুরের টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছেন যৌথ বাহিনী।
গতকাল শনিবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এই অভিযানে গাজীপুর মহানগর পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অংশ নেয় এবং অভিযান চলে রাত ১০টা পর্যন্ত।
পুলিশ জানায়, টঙ্গীর তুরাগ নদের পাশে হাজি মাজার বস্তিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। বস্তি ঘিরে নানা অপরাধীদের বাস। দিনে ও সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে অপরাধীরা। অনেক ছিনতাইকারী মহাসড়কে ছিনতাই শেষে এই বস্তিতে আশ্রয় নেয়। পাশাপাশি বস্তিটিতে মাদকদ্রব্য বিক্রি, সংগ্রহ বা যত্রতত্র সেবনের অভিযোগ রয়েছে।
নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যার পর বস্তিটিতে অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশিসহ অপরাধী সন্দেহে ৬০ জনকে আটক ও ৩৯ হাজার ৪০০ টাকা, দুটি ছোরা, দুটি চাকু, স্লাই রেঞ্চ, একটি কাটিং প্লাস, চারটি হার্ড ডিস্ক, চারটি মোবাইল ফোন ও চার লিটার দেশীয় মদ জব্দ করা হয়।