বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৯

খাসি ও গরুর মাংস মিশিয়ে বিক্রির অভিযোগে বরিশালে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা : রান্না করা খাসির মাংসের সাথে গরুর মাংস মিশিয়ে বরিশালে একটি রেস্তোরাঁয় বিক্রির প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বুধবার বরিশাল নগরীর সদর রোডে একটি রেস্তোরাঁতে অভিযান চালিয়ে প্রথমবারের মতো ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই রেস্তোরাঁর মালিক বলেন, না বুঝে রেস্তোরাঁর কর্মচারীরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি দুঃখজনক জানিয়ে, এমন ভুল আর হবে না বলে দাবি করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, খাসির মাংসের সাথে গরুর মাংস রান্না করে তা মিশিয়ে বিক্রি করা হচ্ছিল রেস্তোরাঁয়। এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো ঘটনা। তাই প্রথমবারের মতো প্রাথমিকভাবে সতর্ক করার পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া, এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”