শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৬

দুইজনের বিদ্যুতায়িত হয়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভুট্টা ক্ষেতকে বন্যপ্রাণীর হাত থেকে রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন কৃষক ইদ্রিস খাঁ আর সেই ফাঁদেই বিদ্যুতায়িত হয়ে কৃষক দম্পতি নিহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে শরীয়তপুরের জাজিরায়।
গতকাল শনিবার জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানার বালিয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পদ্মাসেতু দক্ষিণ থানার বালিয়া কান্দি এলাকার মৃত মঙ্গল খাঁর ছেলে ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইদ্রিস খাঁ ভুট্টা ক্ষেত বন্যপ্রাণী থেকে রক্ষার জন্য বিদ্যুতের ফাঁদ পেতেছিলেন। তবে সেটি বন্ধ করতে ভুলে যান। সকালে ক্ষেত দেখতে গেলে অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী শেফালী বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নকিব আকরাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।