ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইলিশ মাছ ধরার অপেক্ষায় জেলেরা এবং ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আজ রবিবার মধ্যরাতে শেষ হচ্ছে। মা-ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ছয়টি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
২২ দিন পর জাল, নৌকা নিয়ে নদীতে নেমে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। দীর্ঘদিন পর নদীতে নেমে কাঙ্ক্ষিত মাছ ধরার আশা তাদের।
শেষ মুহূর্তে পটুয়াখালীর রাঙ্গাবালীর হাজার হাজার জেলে ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছেন।
জাল, নৌকাসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে প্রস্তুত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অন্তত ৯ হাজার জেলে।
এসব এলাকার জেলেরা বলছেন, বাংলাদেশের নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে এবার ভারতের জেলেদের অনুপ্রবেশের খবর তেমন শোনা যায়নি। ফলে নদী ও সাগরে নেমে আশানুরূপ মাছ পাওয়ার আশা জেলেদের।
আর বিশেষজ্ঞদের মতে, প্রজননের পরে এখন ইলিশের ডিম রক্ষা করার পাশাপাশি ডিম থেকে হওয়া জাটকাও রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। সরকারের উদ্দেশ্যও সফল হবে।