ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার পালংখালি হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্যাম্প মাঝি কবির আহমেদ।
নিহতরা হলেন, উখিয়ার পালংখালি ক্যাম্প ১৪ ই-২ ব্লকের বাসিন্দা আব্দুর রহিম, তার দুই শিশু সন্তান আব্দুল হাফেজ (১০) ও আব্দুল ওয়াহাদ (৪)।
ক্যাম্প মাঝি কবির আহমেদ বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টি সারা রাত চলে। ভারী বৃষ্টির তোড়ে শুক্রবার ভোরে পাহাড় ধসে পালংখালি ক্যাম্প ১৪ ই-২ ব্লকের বাসিন্দা আব্দুর রহিমের ঘরটি ভেঙে পড়ে। এতে ঘরের সবাই মাটিচাপা পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসেন। ততক্ষণে আব্দুর রহিম তার দুই শিশু সন্তানসহ মারা যায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. শামীম হোসেন বলেন, ভারী বৃষ্টিতে ক্যাম্প-১৪ তে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।