সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩৮

ব্যাপক বাড়ার সম্ভাবনা ডেঙ্গু রোগী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃষ্টিপাত কম হওয়া ও তাপ বৃদ্ধির কারণে চলতি বছর বর্ষার শুরুতে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব তুলনামূলকভাবে কম। তবু ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এ বছর ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভার ঘনত্ব অনেক বেশি পাওয়া গেছে। এর সঙ্গে মশা ও ভাইরাস দুটিই পর্যাপ্ত রয়েছে।
চলমান বৃষ্টিপাতে রোগী ব্যাপক হারে বাড়বে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় আরো ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময় রোগটিতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছর এ পর্যন্ত তিন হাজার ৮৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
এর মধ্যে মারা গেছে ৪৬ জন। গত বছর এই সময়ে রোগী ছিল ১০ হাজার ৪৫৫ জন, মৃত্যু ৬২ জনের।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, গত বছরের তুলনায় রোগীর সংখ্যা কম হলেও এ নিয়ে স্বস্তির সুযোগ নেই। কারণ ঢাকা ও ঢাকার বাইরে দুই জায়গায় এডিস মশার লার্ভার ঘনত্ব এবার অনেক বেশি পাওয়া যাচ্ছে।
চলমান বৃষ্টিপাতের কারণে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়তে পারে। কারণ প্রজননের জন্য উপযুক্ত তাপমাত্রা ও বৃষ্টিপাত দুটিই এখন বিরাজমান।