ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বালুবোঝাই ট্রাকচাপায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুন্নি (৭) নামের এক শিশু ও তার খালা পেয়ারা বেগম (৪৫) নিহত হয়েছেন। সোমবার রাত আটটার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের ভূনবীর-শমসেরগঞ্জ সড়কের পাত্রীকুল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নি ও পেয়ারা বেগমের বাড়ি ওই ইউনিয়নের আশীলারকুল গ্রামে।
স্থানীয়রা জানান, মুন্নি ও তার খালা পেয়ারা বেগম সড়ক পার হওয়ার সময় প্রথমে একটি বালুবোঝাই ট্রাক তাদেরকে ধাক্কা দেয়।
পরে পেছনে থাকা আরেকটি বালুবোঝাই ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পেয়ারা বেগম মারা যান। আর মুন্নিকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই সে মারা যায়।
শ্রীমঙ্গল থানার ওসি জনাব, বিনয় ভূষণ রায় বলেন, ট্রাক দুটি আটক করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।