শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০০

গ্যাস লিকেজ বিস্ফোরণে চারজন দগ্ধ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসার রান্নাঘরে গ্যাস লিকেজ বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন, আর এ ঘটনা ঢাকা রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায়।
সোমবার (১০ জুন) রাত ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন, রকসি আক্তার (২০), তার বোন ফুতু আক্তার (১৮), রকসির ছেলে আয়ান (৩) ও রকসির বাবা আব্দুল মান্নান (৬০)।
জানা গেছে, দগ্ধদের বাড়ি কক্সবাজারের মহেশখালী থানার মাইজপাড়া গ্রামে। তারা ভাটারা থানার একটি আবাসিক এলাকায় ভাড়া থাকেন।
বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১১ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, সোমবার রাতে নারী-শিশুসহ দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে রকসি ও তার বোন ফুতু আক্তারের শরীরের ৫৫ শতাংশ, শিশু আয়ানের শরীরের ৭০ শতাংশ ও আব্দুল মান্নানের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।