বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:০৩

বৃষ্টির পানিতে তলিয়ে গেলো নগরী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টানা তিন ঘণ্টার বৃষ্টিতে গতকাল শনিবার রাতে সিলেট নগরী আবারও তলিয়ে গেছে। রাত ৯ টা থেকে ১২টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টি হজম করতে পারেনি সিলেট নগরী। সেকারনে তলিয়ে গেছে নগরীর অন্তত ৫০ টি এলাকা। পানি ঢুকতে থাকে নগরবাসীর বাসা বাড়ি ও দোকানপাটে। সৃষ্টি হয় এক অভাবনীয় দূভোর্গের। অথচ সুরমা নদীর পানি বেড়ে গত ৩০ মে বন্যা কবলিত হয়েছিলো সিলেট মহানগরের ২৬টি ওয়ার্ড। সেই বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসন সূত্র জানায়- মহানগরে বর্তমানে কোনো পানিবন্দী লোকজন নেই। তাই সিটি কর্পোরেশন এলাকায় স্থাপিত অস্থায়ীকেন্দ্র গুলোতেও কেউ নেই। পানি নেমে যাওয়ায় বন্যা আক্রান্তরা সবাই চলে গেছেন নিজেদের বাসা-বাড়িতে। তবে এসব এলাকা এখন বন্যামুক্ত। কিন্ত ওই ঘোষনার দিন পেরিয়ে রাত হতেই সর্বনাশা ঝড়ো বৃষ্টিতে তলিয়ে গেলো নগরী। শনিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ৩ মিলিমিটার, আর রাত ৯টা থেকে ১২ টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন। বৃষ্টি শুরু হয়ে ক্রমশ তা বাড়তে শুরু করে। একে একে তলিয়ে যেতে থাকে নগরীর বিভিন্ন এলাকা।
খোঁজ নিয়ে জানা যায়, নগরীর সুবিদবাজার, মদিনা মার্কেট, কালীবাড়ি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, পাঠানটুলা, নগরীর বাগবাড়ি, জিন্দাবাজার, শিবগঞ্জ, যতরপুর, সোবাহানীঘাট, তালতলা, উপশহর, দরগা মহল্লা, পীরমহল্লা, বাদামবাগিচা, চৌহাট্টা, রায়নগর, মেজরটিলা, শেখঘাট, বেতেরবাজারসহ অন্তত ৫০টি এলাকার বাসা-বাড়িতে পানি রয়েছে। এছাড়া মিরাবাজার সড়ক, বিমানবন্দরসড়ক, ওসমানী মেডিকেল থেকে বর্ণমালা পয়েন্ট, পাঠানটুলাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও জলাবদ্ধতা তৈরি হয়।