ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত কয়েকদিনে সিলেটের চার উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। বেড়েছে সবগুলো নদীর পানি।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার সন্ধ্যা ছয়টায় কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমা ১.২ সেন্টিমিটার এবং আমলশীদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইন নদীর পানি ৫টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার থেকেই সিলেটে থেমে থেমে ভারি বৃষ্টি হচ্ছে। এছাড়া ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের নিম্নাঞ্চল। ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, সিলেটে নদীর পানি বিপদসীমার ওপরে আছে। যদি বৃষ্টি কমে আসে তাহলে এই পানি নেমে যাবে। আর যদি ভারতের মেঘালয় বা আসামে বৃষ্টি হয় তাহলে পাহাড়ি ঢলে বন্যা হবে। এজন্য আমাদের বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।