বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩০

পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভাসমান অবস্থায় মুন্সীগঞ্জ শহরের মধ্য কোর্টগাঁও কাজী কমর উদ্দিন গভ.ইনস্টিটিউশনের পূর্ব পাশের একটি পুকুর থেকে ফয়েজ মাহমুদ ফিরোজ (৫৮) নামের অবসরপ্রাপ্ত এক প্রকৌশলীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
ফয়েজ মাহমুদ ফিরোজ ওই এলাকার মৃত আহসানুল আলমের পুত্র এবং তিনি ইস্টার্ন টিউবস লিমিটেডের সাবেক নির্বাহী প্রকৌশলী ছিলেন। শনিবার (১৮ মে) পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. আমিনুল ইসলাম বলেন, পুকুরের কচুরিপানা পরিষ্কার করার সময় স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।
তিনি আরও জানান, তদন্ত অব্যাহত আছে এবং মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।