ডেইলি ক্রাইম বার্তা : যাত্রীবাহী বাসের চাপায় বরিশাল নগরীর কাশিপুরে এক তরুণ পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার। এ ঘটনা টের পেয়ে ছুটে যান মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। নিহত জসিম হাওলাদার (২০) উজিরপুর উপজেলার বাইটখালী গ্রামের মনির হাওলাদারের ছেলে। পরিদর্শক লোকমান হোসেন জানান, বরিশাল নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন পথচারী জসিম এ সময় বরগুনা থেকে ঢাকাগামী একটি পরিবহনের বাস অপর একটি গাড়িকে অতিক্রম করে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের সামনের সড়কে বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”