রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৩

দুইজন নিহত মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সাতক্ষীরা সদরের আগরদাড়ী গ্রামে বাবা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কদমতলা-বৈকারি সড়কের আগরদাড়ী মাদ্রাসার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বৈকারি গ্রামের হাফিজুর রহমান বুলু (৬৫) ও তার ছেলে আব্দুল আজিজ (২৫)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বৈকারি এলাকার হাফিজুর রহমান বুলু ও তার ছেলে আব্দুল আজিজ মোটরসাইকেলযোগে ঢাকা থেকে ফিরে নিজের বাড়ি বৈকারি যাচ্ছিলেন। কদমতলা-বৈকারি রোডের আগরদাড়ী মাদ্রাসার সামনে পৌঁছালে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। ঘাতক ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি জনাব, মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধারে করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।