ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ ভারতীয় চিনিবোঝাই ১২টি ট্রাক জব্দ করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), আর এ ঘটনা পাবনার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাটে। বৈধ কাগজপত্র না থাকায় চিনিসমেত ট্রাক জব্দের পাশাপাশি চালক ও হেলপারসহ ২৩ জনকে আটক করা হয়েছে। এসব ট্রাকে অন্তত আড়াই শ’ মেট্রিক টন চিনি আছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক এবং চালক ও হেলপারদের আটক করা হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার (এসপি) জনাব, আকবর আলী মুন্সী।
পাবনার পুলিশ সুপার (এসপি) জনাব, আকবর আলী মুন্সী জানান, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে আসলে ডিবি পুলিশ এগুলো আটক করে। এসময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর ট্রাক জব্দ করা হয় এবং চালক ও হেলপারদের আটক করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।