রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪১

পুকুরে ডুবে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরের পানিতে পড়ে যশোরের মনিরামপুরে মাহমুদুল্লাহ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার ঝাঁপা মিস্ত্রিপাড়ায় শিশুটির নানা বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মাহমুদুল্লাহ একই উপজেলার শাহপুর গ্রামের হাসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বছর আগে শিশুটির জন্মের পরপরই ওর বাবা মারা যান।
সেই থেকে মা মুনিয়া খাতুনের সঙ্গে বাবার ভিটায় শাহাপুরে থাকত মাহমুদুল্লাহ। কয়েকদিন আগে ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে ঝাঁপা গ্রামে নানা আব্দুল মান্নান খাঁর বাড়িতে বেড়াতে আসে মাহমুদুল্লাহ।
বৃহস্পতিবার বিকেলে মা মুনিয়া ছেলেকে খেলতে দিয়ে বাবার বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ছেলেকে বাড়ির উঠানে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন তিনি।
একপর্যায়ে শিশুটির খালা মিম খাতুন তাকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে চিৎকার করে ওঠে।
পুলিশ আরো জানায়, চিৎকার শুনে মা মুনিয়া খাতুন পুকুরে নেমে ছেলেকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক শিশু মাহমুদুল্লাহকে মৃত ঘোষণা করেন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, পানিতে পড়া শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
আমরা পুলিশকে জানানোর আগেই স্বজনরা শিশুর লাশ বাড়িতে নিয়ে গেছেন।
ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জিত কুমার পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।