ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নামাজ পড়তে যাওয়ার সময় ঢাকা রাজধানীর মোহাম্মদপুর থানার সাত মসজিদ রোড এলাকায় নির্মাণাধীন ভবনের রড ভেঙে মাথায় পড়ে মো. হাসান (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) রাত পৌনে দশটার সময় মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মো. হাসান চট্টগ্রামের আনোয়ারা থানার জুইডন্ডী গ্রামের ফজল আহমেদের ছেলে। বর্তমানে সাত মসজিদ এলাকায় ভাড়া থাকেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।