বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২১

গরিব-অসহায় মানুষদের কম টাকায় ঈদের কেনাকাটা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধনী-গরিব সবাইকে ঈদ দাঁড় করিয়ে দেয় এক কাতারে এবং ঈদ মানে খুশি। আর তাই ঈদের এই খুশি গরিব-অসহায় মানুষদের মাঝে পৌঁছে দিতে রাজশাহীতে পাঁচ টাকায় ঈদের কেনাকাটার সুযোগ করে দিয়েছেন একদল নারী উদ্যোক্তা।
আর পাঁচ টাকায় নতুন পোশাক ও খাবার সামগ্রী কেনার সুযোগ করে দিয়েছে ‘হাউজ অফ বিউটি বুম’ নামের এই
নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান।
শুক্রবার রাজশাহীর আলুপট্টিতে প্রায় ৩০০ জন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ ৫ টাকায় পছন্দমতো ঈদের জামা ও খাবার সামগ্রী কিনতে পেরেছেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এখন আর্থিক সংকটের কারণে ঈদে নতুন জামা ও খাবার সামগ্রী কিনতে পারছেন না অনেকে। তাদের জন্যই মূলত এমন ব্যতিক্রমী আয়োজন। এই আয়োজনে পাঁচ টাকায় বাজার করার সুযোগ পেয়ে বেশ খুশি সুবিধাবঞ্চিত মানুষগুলো।
নামমাত্র মূল্যে নতুন কাপড় ও খাবার সামগ্রী কিনতে পারায় অনেকেই বেজায় খুশি বলে জানান। বেশি না হলেও অল্প পরিসরে পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে পারবেন বলে জানান। আর তাই আয়োজকদের জন্য প্রাণ ভরে দোয়া করেন ছিন্নমূল এই নারীরা।
এই গ্রুপের এডমিন নওশিয়া অরিন খান ও উদ্যোক্তা ওয়াহিদা খানম জানান, হতদরিদ্র পরিবারের মানুষেরা যেন আর্থিক সংকটে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্যই আমাদের এই উদ্যোগ।