ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কম দামে পণ্য বিক্রি করতে বাজার বসিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসন। এই বাজারে এসে কম দামে পণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষজন।
চাল, ডাল, চিনি, লবণ, তেল, ছোলা, ডিম, আলু, পিঁয়াজ ও রসুনসহ বিভিন্ন তরকারি অন্যসব বাজারের তুলনায় কম দামে পাওয়া যাচ্ছে। এখানে কোনো দামাদামি করা লাগে না।
সরকার জিনিসপত্রের যে দাম নির্ধারণ করে দিয়েছে, সেই দামেই কিনছে মানুষজন। আবার অনেক জিনিসের দাম নির্ধারিত দামের থেকেও কম নিচ্ছে এবং এতে খুশি ক্রেতারা।
বৃহস্পতিবার গোপালগঞ্জের পাঁচ উপজেলায় সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির লক্ষ্যে একযোগে উদ্বোধন করা হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাব, কাজী মাহবুবুল আলম জেলা সদরসহ পাঁচটি উপজেলার ছয়টি স্থানে কালেক্টর বাজারের উদ্বোধন করেন।
জেলা সদরে গোপালগঞ্জের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা একত্রিত হয়ে এবং উপজেলাগুলোতে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে জেলা প্রশাসনের সহাযোগিতায় এসব কালেক্টর বাজার পরিচালিত হচ্ছে।